পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ফারহান

06 October 2026, 11:51 PM
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ফারহান

স্পোর্টস ডেস্ক : সালমান আগার পরিবর্তে পাকিস্তান টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন সাহিবজাদা ফারহান। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে ফারহানের।  


আড়াই বছরের মধ্যে পাকিস্তানের চতুর্থ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন ফারহান। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত শনিবার অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। 


সালমানকে সরিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কোন কারণ না জানালেও, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে) দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। 


নেতৃত্ব হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন সালমান। টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে ৩১টি ম্যাচ জিতেছে পাকিস্তান। 


চলতি বছর মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান।


টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ড ও শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ওয়ানডের অধিনায়ক হিসেবে বহাল রাখা হয়েছে বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে।


গত মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় পেসার রাজাউল্লাহর। অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৮১ রান ও বল হাতে ৪ উইকেট নেন তিনি। টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলেও ডাক পেয়েছেন তিনি।


এ বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন সিনিয়র উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবার ওয়ানডে দল থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে। দলের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে পাকিস্তানের সাইবার অপরাধ দমন সংস্থার তদন্তের মুখে পড়েছেন রিজওয়ান।


৯ অক্টোবর থেকে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ১৮ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে পাকিস্তান। 


শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান টি-টোয়েন্টি দল : সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নাওয়াজ, মুহাম্মদ ইমরান, খাজা নাফি (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, সুফিয়ান মুকিম।


ত্রিদেশীয় সিরিজের জন্য পাকিস্তান ওয়ানডে দল : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নাওয়াজ, গাজী ঘোরি, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেইগ (উইকেটরক্ষক), সালমান আগা, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।